টঙ্গী বাজারসংলগ্ন লোহার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইমন (২৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুর্ঘটনায় আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান।
পুলিশের তৎপরতা
খবর পেয়ে উত্তরা পূর্ব থানা-পুলিশ তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিচয় ও পরিবারের বক্তব্য
নিহতের চাচা নাজিম উদ্দিন জানান, ইমন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মৃত শহিদ উদ্দিনের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
তিনি বলেন, ‘ইমন আমার সঙ্গে টঙ্গী বাজার এলাকায় বাসায় থাকত। বাজারে আমার একটি দোকান রয়েছে। সে বাসা থেকে আমার জন্য খাবার নিয়ে আসত। মাঝেমধ্যে আমার সঙ্গে দোকানেও বসত। এ ছাড়া মসজিদে নামাজ পড়তে যেত।’
নাজিম উদ্দিন আরও বলেন, ‘গত সোমবার দুপুর ১টার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে লোকজনের মাধ্যমে তার দুর্ঘটনার খবর পাই। সে সূত্রে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করে জানতে পারি, ইমন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে হাসপাতালে এসে তাকে পাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে সে মারা যায়।’



