চট্টগ্রামে একদিনে আরও ১৯ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ১৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীর ১৪৪ জন এবং উপজেলার বাসিন্দা ৫৫ জন। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই নগরীর বাসিন্দা। একই দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩০ জন শিশু। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৭২ জন শিশু চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজন ছাড়া বাকিরা নগরীর বাসিন্দা।
নমুনা পরীক্ষা
চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে শুক্রবার নতুন কোনো নমুনা পাঠানো হয়নি। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে ২৪ জন শিশুর দেহে হাম শনাক্ত এবং হামের উপসর্গ থাকা ৬৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
টিকা প্রদান
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নগরী ও উপজেলায় শতভাগ টিকা দেওয়া হয়েছে। শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সপ্তাহ খানেক সময় লাগবে। এরপর হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।



