রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম ও হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এ সময়ে মোট ৯৪১ শিশু ভর্তি ছিল। সোমবার (১ জুন) হাসপাতালটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি ২৪ শিশু
শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হামে আক্রান্ত হয়ে ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ছয় থেকে ৯ মাস বয়সি ৩৩৩ শিশু ভর্তি ছিল। এ ছাড়া ৯ মাস থেকে দুই বছর বয়সি ২৭৫ শিশু ভর্তি ছিল।
মে মাসে ২০ শিশুর মৃত্যু
প্রতিষ্ঠানটি জানায়, মে মাসে হামে মোট ২০ শিশু হাসপাতালটিতে মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি হাসপাতালটিতে।
ঢাকা জেলায় সর্বোচ্চ ভর্তি
জনসংযোগ বিভাগ জানিয়েছে, হাসপাতালটিতে হামে আক্রান্ত ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা জেলার। এ জেলার ভর্তি শিশু সংখ্যা ৩৩০ জন। এরপর রয়েছে গাজীপুর জেলার ৪৭ শিশু। তারপর রয়েছে ভোলা জেলার ৪১ শিশু।



