ইসলামপুরে ডোবায় ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন
ইসলামপুরে ডোবায় সরকারি ওষুধ, তদন্ত কমিটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। শুক্রবার (১ মে) সকাল থেকে ডোবার পানিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় এসব ওষুধ ভাসতে দেখেন স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে সেখানে লোকজন ভিড় করতে থাকেন। তাদের ধারণা, ওষুধগুলো ওই ক্লিনিকের।

স্থানীয়দের প্রতিক্রিয়া

ধনতলা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা মিলত না, অধিকাংশ সময় সেটি বন্ধ থাকত। খোলা থাকলেও রোগীদের প্রায়ই বলা হতো ওষুধ নেই। অথচ এখন বিপুল পরিমাণ ওষুধ ডোবায় ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে, যা ক্ষোভের জন্ম দিয়েছে। তাদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলা হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কীভাবে ওষুধ পানিতে গেল, কারা জড়িত এবং কোনো অনিয়ম হয়েছে কি না— এসব খতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য সহকারীর বক্তব্য

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, ‘আমি ওই ক্লিনিকে অতিরিক্ত দায়িত্বে আছি। ডোবার পানিতে ওষুধ পাওয়ার বিষয়টি কিছুই জানি না।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, বিষয়টি শুনেছেন। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ