রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানসহ এর চালককে আটক করে পুলিশ।
দুর্ঘটনার বিবরণ
নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন মনোয়ারা হাসপাতালের পাশে থাকা এক ব্যক্তির প্রাইভেটকারের চালক হিসেবে কাজ করতেন। ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৫২ মিনিটে তিনি মারা যান।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের পরিচয়
হারুন অর রশিদ কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর বেগুন বাড়ি এলাকায় থাকতেন। তার স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে থাকেন।



