নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ কাউসার নামে আরও একজন মারা গেছেন। সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিদগ্ধ কাউসারের (৩০) শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই ঘটনায় অগ্নিদগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতদের অবস্থা
ডা. শাওন বিন রহমান আরও জানান, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় ১২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। অগ্নিদগ্ধের পরিমাণ কম হওয়ায় ৬ জনকে চিকিৎসা সেবা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
উল্লেখ্য, গত বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ক্যান্টিনে দুপুরের খাবার খাওয়া অবস্থায় থাকা ১২ জন অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ সবাই ওই বিদ্যুৎ কেন্দ্রটির কর্মী হিসেবে কর্মরত ছিলেন।



