স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার বলেছেন, আড-দীন হাসপাতাল কর্তৃপক্ষ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হবে। তিনি সতর্ক করে বলেন, 'সরকারের নির্দেশনা ও আইন অমান্য করে কেউ ছাড় পাবে না। অনিয়ম ও অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সকালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আড-দীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা হয়নি, যেখানে অক্সিজেন প্রবাহের জন্য কোনো বায়ু চলাচল ব্যবস্থা ছিল না।
নবজাতকদের শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও সে সময় কোনো ডাক্তার ডিউটিতে ছিলেন না বলে জানান তিনি। এছাড়া নার্সদের ডাকলেও তারা সাড়া দেয়নি বলে উল্লেখ করেন। সাখাওয়াত হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। আড-দীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট চলছে, তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যসেবা খাতে রোগী সেবার মান উন্নয়নে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে একটি শক্ত প্রাচীর গড়ে তুলতে সক্ষম হয়েছে। সাখাওয়াত হোসেন সব ডাক্তারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মোজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিল, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী ও কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ডা. মেহেরুন্নেসা। হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতালের ওপর একটি উপস্থাপনা দেন।



