ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদির স্বাস্থ্যের ভয়াবহ অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন। ২০২৩ সালে শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদি দুই দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার আন্দোলনের সাথে জড়িত। গত ডিসেম্বরে পূর্ব শহর মাশহাদে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরানের ধর্মীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
স্বাস্থ্যের অবনতি
মাসখানেক ধরে তার সমর্থকরা তার স্বাস্থ্য নিয়ে সতর্ক করছিলেন। মার্চের শেষের দিকে তারা জানান যে তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পাননি। শুক্রবার তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দ্রুত স্বাস্থ্যের অবনতি এবং দুইবার সম্পূর্ণ চেতনা হারানো ও গুরুতর হৃদরোগের কারণে তাকে জরুরি ভিত্তিতে জানজানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরিবারের উদ্বেগ
বিবৃতিতে বলা হয়, তার পরিবার এই স্থানান্তরকে শেষ মুহূর্তের পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে যা খুব দেরি হয়ে যেতে পারে। তার আইনজীবী মোস্তফা নিলি এক্স-এ এক পোস্টে বলেন, প্রথমবার রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় অজ্ঞান হওয়ার পর মোহাম্মদি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। কারণ চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে জানজান হাসপাতাল তার চিকিৎসায় সক্ষম নয়। কিন্তু দ্বিতীয়বার অজ্ঞান হওয়ার পর তার অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
নিলি বলেন, নিউরোলজিস্টের মতে, গুরুতর হৃদরোগের পাশাপাশি বর্তমানে তার স্নায়বিক অবস্থার চিকিৎসা করা ক্লিনিক্যাল অগ্রাধিকার। গত ২৫ বছরে ৫৩ বছর বয়সী মোহাম্মদিকে ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক পোশাক বিধির বিরুদ্ধে আন্দোলনের জন্য বারবার বিচার ও কারাবরণ করতে হয়েছে।



