মানিকগঞ্জে নারী ভিক্ষুক ধর্ষণ মামলা, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে নারী ভিক্ষুক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক নারী ভিক্ষুককে (৬৩) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারী শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আসামি করে থানায় মামলা করেন। গত ৩০ মে দুপুরে ওই ধর্ষণের ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আশরাফুল আলম (২৬) ও সোহেল রানা (২৭)। তাঁদের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে। এ ছাড়া ওই নারীর গলায় থাকা রুপার মালা ছিনিয়ে নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। চোরাই মালামাল কেনার অভিযোগে তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালকে (৪৫) আরেকটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

শিবালয় থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে স্থানীয় একটি বাজারে ওই নারী ভিক্ষা করছিলেন। সে সময় আশরাফুল ও সোহেল কৌশলে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁরা নারীর গলায় থাকা একটি রুপার মালা ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে ওই নারী বিষয়টি স্বজনদের জানান।

আটক ও গ্রেপ্তার

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ষাইটঘর তেওতা এলাকা থেকে আশরাফুল ও সোহেল রানাকে আটক করেন ভুক্তভোগীর স্বজনেরা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক পুলিশকে জানান, তাঁরা দুজন ধর্ষণ করেছেন। তাঁর গলায় থাকা রুপার মালা তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের কাছে বিক্রি করেছেন। পরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকে আটক করে এবং তাঁর কাছ থেকে রুপার মালাটি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে চুরি হওয়া মালামাল কেনার অভিযোগে মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতে প্রেরণ

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আজ দুপুরে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া চুরির মালামাল কেনার অপরাধে আরেক মামলার আসামিকেও গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।