ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লার্ভা পাওয়া গেলে জরিমানা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এবার হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা
এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরেজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ হতে পারে। তাই আগে থেকেই সচেতন হতে হবে।
ডিএসসিসি প্রশাসকের বক্তব্য
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। তিনি জানান, জরিপে দেখা গেছে দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ ২৮টি ওয়ার্ড রয়েছে।
প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ পালন করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
সূত্র: বাসস



