রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. লেনিন চৌধুরী। একইসঙ্গে তিনি দেশের সব হাসপাতালে প্রতি তিন মাস পরপর নিরাপত্তা নিরীক্ষা চালুর আহ্বান জানান।
ফেসবুকে ভিডিওবার্তায় তদন্তের দাবি
বুধবার (২৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ভিডিওবার্তায় ডা. লেনিন চৌধুরী বলেন, আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা এই ঘটনায় সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে যে বা যারা দায়ী, তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জবাবদিহির মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।
ঘটনাস্থলের তদন্তের প্রয়োজনীয়তা
তিনি আরও বলেন, যে কক্ষটিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে ব্যবহৃত যন্ত্রপাতিতে কোনো ত্রুটি ছিল কিনা, ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যা ছিল কিনা কিংবা কারও অবহেলা ছিল কিনা—সব বিষয় তদন্তের আওতায় আনা দরকার। একইসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের সব যন্ত্রপাতি ব্যবস্থাপনার নিরাপত্তা বা সেফটি অডিট করা প্রয়োজন।
হাসপাতালে নিয়মিত নিরাপত্তা নিরীক্ষার প্রস্তাব
ডা. লেনিন চৌধুরী আরও বলেন, বাংলাদেশে যেসব সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হয়, সেসব হাসপাতালে প্রতি তিন মাস পরপর নিরাপত্তা বা সেফটি অডিট চালু করা উচিত। এতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত হবে।



