হাসপাতালে নবজাতকের মৃত্যু: দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর
হাসপাতালে নবজাতকের মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৬ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

স্বাস্থ্য খাতে লুটপাটের অভিযোগ

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে।' হাম সংক্রমণ বৃদ্ধির পেছনেও সেই অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হঠাৎ পরিদর্শন

এর আগে হঠাৎ করেই কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নামেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজ নেন চিকিৎসা ব্যবস্থার।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ও হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ