রাজধানীতে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, স্থবির নিউমার্কেট-আজিমপুর
রাজধানী ঢাকায় সোমবার (২৫ মে) দুপুরে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বহু যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ে। সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ঈদযাত্রার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
নিউমার্কেটের প্রধান ফটক এলাকা থেকে নীলক্ষেত হয়ে আজিমপুর পুরাতন কবরস্থান অভিমুখী সড়কে কয়েক মিনিটের মধ্যেই হাঁটুসমান পানি জমে যায়। এর ফলে নিউমার্কেট এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে।
আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজট দেখা যায়। প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু সামনে এগোতে পারেনি। পানির কারণে অনেক যানবাহনের ইঞ্জিন মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি নিষ্কাশনে নালা-নর্দমা ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় দ্রুত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কটি যেন একটি জলাশয়ে পরিণত হয়েছে।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, ঈদের শেষ মুহূর্তে বিক্রি বাড়বে বলে আশা থাকলেও বৃষ্টির পর পুরো এলাকার বাণিজ্যিক কার্যক্রম থেমে যায়। অনেক দোকানি মালপত্র রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন।
অন্যদিকে এই জলাবদ্ধতার সুযোগে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা পানিতে আটকে থাকা পথচারীদের নির্দিষ্ট ভাড়ায় পারাপার করে আয় করেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ভারি বৃষ্টি হিসেবে গণ্য। এর আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতি বছর জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই একই পরিস্থিতি তৈরি হয়। তাদের মতে, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের অকার্যকারিতার কারণে বারবার এই দুর্ভোগ দেখা দেয়। কোটি কোটি টাকা ব্যয় হলেও টেকসই সমাধানের অভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনদুর্ভোগ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।



