‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ৬ মে ২০২৬ তারিখে ঢাকার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে এই আয়োজন করে। বৈঠকে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল অপসোনিন ফার্মা লিমিটেড।
উচ্চ রক্তচাপ: নীরব ঘাতকের মোকাবিলা
বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। বাংলাদেশে প্রতিবছর প্রায় পৌনে দুই লাখ মানুষ উচ্চ রক্তচাপজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, অনেক মানুষ জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ আছে; যারা জানেন, তাদের বড় অংশ চিকিৎসা নেন না; এবং যারা চিকিৎসা নেন, তাদের অনেকের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। তাই এ বছরের প্রতিপাদ্য ‘একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’—এটি বাস্তবায়নে ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
কিডনি রোগ ও উচ্চ রক্তচাপের সম্পর্ক
অধ্যাপক ডা. হারুন-আর-রশিদ জানান, কিডনি রোগের প্রধান দুটি কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ১০ বছরে ২ কোটি থেকে বেড়ে সাড়ে ৩ কোটি হয়েছে। উচ্চ রক্তচাপের হার ১০ শতাংশ থেকে বেড়ে ২৪ শতাংশে পৌঁছেছে। তিনি ৩০ বছরের বেশি বয়সীদের বছরে অন্তত একবার রক্তে শর্করা ও রক্তচাপ পরীক্ষার পরামর্শ দেন।
নারীর স্বাস্থ্য ও গর্ভকালীন উচ্চ রক্তচাপ
অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক বলেন, নারীরা প্রায়ই চিকিৎসা সেবায় অবহেলিত হন। গর্ভকালীন উচ্চ রক্তচাপ মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। অধ্যাপক ডা. এস কে জিন্নাত আরা নাসরীন যোগ করেন, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্তে নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। প্রান্তিক নারীরা সময়মতো সেবা না নেওয়ায় মাতৃমৃত্যুর হার বাড়ছে।
হরমোনজনিত কারণ ও শিশুদের উচ্চ রক্তচাপ
অধ্যাপক ডা. শারমিন জাহান জানান, উচ্চ রক্তচাপের প্রায় ১৫ শতাংশের পেছনে হরমোনজনিত কারণ থাকে, যা শনাক্ত করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। অধ্যাপক ডা. তওফিক শাহরিয়ার হক শিশু ও তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনিয়মিত জীবনযাপন, ধূমপান ও ই-সিগারেটের ব্যবহার তরুণদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে।
স্ট্রোক ও জীবনধারা পরিবর্তন
অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত ওষুধ সেবন ও জীবনধারা পরিবর্তনের ওপর জোর দেন। তিনি ‘ফাস্ট’ লক্ষণ (মুখ বেঁকে যাওয়া, এক পাশ দুর্বল হওয়া, কথা জড়িয়ে যাওয়া) দেখলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। ডা. মীর ইশরাকুজ্জামান বলেন, দৈনিক লবণ গ্রহণ ৫ গ্রামে কমিয়ে আনলে সিস্টোলিক রক্তচাপ ৬-৮ মিমি এইচজি কমতে পারে।
ওষুধের সহজলভ্যতা ও মূল্য
মোহাম্মদ আব্দুল মোমেন তালুকদার জানান, বাংলাদেশে উচ্চ রক্তচাপের ওষুধের দৈনিক খরচ ১-১০ টাকার মধ্যে, যা প্রতিবেশী দেশ ও পাশ্চাত্যের তুলনায় অনেক কম। তিনি ওষুধের নিয়মিত সেবনকে ভবিষ্যতের জটিলতা এড়াতে বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান জানান।
সুপারিশ
- জীবনযাপন পরিবর্তন (কম লবণ, স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ) জাতীয়ভাবে প্রচার করা।
- প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন স্ক্রিনিং বাধ্যতামূলক ও সম্প্রসারণ করা।
- গর্ভকালীন উচ্চ রক্তচাপ শনাক্ত ও ব্যবস্থাপনায় মাতৃস্বাস্থ্য সেবায় নজরদারি বাড়ানো।
- শিশু, কিশোর ও তরুণদের জন্য স্কুলভিত্তিক স্বাস্থ্যশিক্ষা জোরদার করা।
- প্রয়োজনীয় ওষুধের ধারাবাহিক সরবরাহ ও সহজলভ্যতা নিশ্চিত করা।



