যুক্তরাষ্ট্রে মাদক ওভারডোজে মৃত্যু ১৪% কমেছে
যুক্তরাষ্ট্রে মাদক ওভারডোজে মৃত্যু ১৪% কমেছে

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাদকের মাত্রাতিরিক্ত সেবন বা ওভারডোজে প্রায় ৭০ হাজার মানুষ মারা গেছে। তবে, মৃত্যুর এই সংখ্যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ কম। সরকারি তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে

প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানায়, বুধবার ফেডারেল সরকার মাদকের ওভারডোজের মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, টানা তৃতীয় বছরের মতো কমেছে ওভারডোজে মৃত্যুর সংখ্যা। ২০২৫ সালে ওভারডোজে মৃত্যুর মোট সংখ্যা ২০১৯ সালের প্রায় সমান।

অঙ্গরাজ্যগুলোতে মৃত্যুহারের তারতম্য

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, অধিকাংশ অঙ্গরাজ্যেই মাদকে ওভারডোজে মৃত্যুর হার কমেছে। তবে অ্যারিজোনা, কলোরাডো এবং নিউ মেক্সিকোতে ওভারডোজে মৃত্যু বেড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষকদের মতামত

ওভারডোজ প্রবণতা নিয়ে গবেষণা করা ব্রাউন ইউনিভার্সিটির গবেষক ব্র্যান্ডন মার্শাল বলেন, “আমি আশাবাদী, ওভারডোজ সংকটের গতিপথে সত্যিই একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে।” তবে, ওভারডোজে মারা যাওয়া মার্কিনিদের সংখ্যা এখনও উচ্চ পর্যায়েই রয়েছে। গবেষকদের মতে, সরকারি নীতির পরিবর্তন বা ওষুধ সরবরাহ ব্যবস্থার পরিবর্তন আবারও মৃত্যুহার বাড়িয়ে দিতে পারে। মার্শাল বলেন, “যদি মৃত্যুর সংখ্যা দ্রুত কমতে থাকে, তার মানে হলো আমরা যদি চেষ্টা কমিয়ে দেই তাহলে সেটি ঠিক ততটাই দ্রুত আবার বেড়ে যেতে পারে।”

মহামারির সময় বেড়েছিল মাদকের ওভারডোজ

যুক্তরাষ্ট্রে ওভারডোজে মৃত্যুর সংখ্যা কয়েক দশক ধরে বাড়ছিল। তবে, মহামারির সময় তা নাটকীয়ভাবে বাড়ে। ২০২২ সালে প্রায় এক লাখ ১০ হাজার মার্কিনি ওভারডোজে প্রাণ হারান। মহামারি কমে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুহারও হ্রাস পেতে শুরু করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুহার কমার সম্ভাব্য কারণ

গবেষকরা একাধিক সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছেন। এর মধ্যে রয়েছে, ওভারডোজ প্রতিরোধে ব্যবহৃত ওষুধ নালোক্সোনের সহজলভ্যতা বৃদ্ধি, আসক্তি চিকিৎসা সেবার সম্প্রসারণ, ওষুধ ব্যবহারের ধরনে পরিবর্তন এবং ওপিওয়েড মামলার মাধ্যমে আসা বিপুল পরিমাণ নিষ্পত্তি অর্থের ক্রমবর্ধমান প্রভাব।

কিছু গবেষণায় বলা হয়েছে, মাদকের ওভারডোজে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কমে আসছে। কারণ, কম সংখ্যক কিশোর-কিশোরী মাদক সেবন করছে এবং অনেক অবৈধ মাদক ব্যবহারকারী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। অন্য একটি তত্ত্ব অনুযায়ী, কয়েক বছর আগে চীনের নেওয়া পরিবর্তনের ফলে ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত প্রিকর্সর কেমিক্যালের প্রাপ্যতা কমে গেছে।