শর্তযুক্ত সাহায্য প্রত্যাখ্যান করছে আফ্রিকার দেশগুলো
শর্তযুক্ত সাহায্য প্রত্যাখ্যান করছে আফ্রিকার দেশগুলো

বিদেশি সাহায্য দেওয়ার মূল মার্কিন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করার পর, ট্রাম্প প্রশাসন আফ্রিকার দেশগুলোর স্বাস্থ্য খাতের উন্নয়নে আবারও কোটি কোটি ডলার সাহায্যের প্রস্তাব দিয়েছে। তবে এই সাহায্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কঠিন সব শর্ত ও আমেরিকা ফার্স্ট নীতি। আর এ কারণেই ট্রাম্পের এই সাহায্য তহবিলের প্রস্তাবকে সরাসরি ফিরিয়ে দিচ্ছে আফ্রিকার বেশ কিছু দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চুক্তি ও প্রত্যাখ্যান

গত ডিসেম্বরে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওয়াশিংটনে প্রথম দেশ হিসেবে ২.৫ বিলিয়ন ডলারের এই দ্বিপাক্ষিক চুক্তি সই করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে এক ঐতিহাসিক অংশীদারত্ব বলে আশা প্রকাশ করেছিলেন। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আফ্রিকা ও লাতিন আমেরিকার ৩২টি দেশ এই চুক্তিতে রাজি হলেও ঘানা, জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মতো দেশগুলো এতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা কোনও একক দেশের পক্ষে একা মোকাবিলা করা অসম্ভব। ট্রাম্পের এই শর্তযুক্ত সাহায্য আফ্রিকার স্বাস্থ্য সুরক্ষাকে আরও বড় ঝুঁকিতে ফেলছে কি না, তা নিয়েই এখন চলছে বিতর্ক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাম্বিয়ার প্রতিক্রিয়া

জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুলাম্বো হাইম্বে মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন স্বাস্থ্য তহবিলের সঙ্গে তাদের দেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে আমেরিকার অগ্রাধিকার পাওয়ার অর্থনৈতিক বিষয়টিকে জুড়ে দিচ্ছে। কিন্তু জাম্বিয়া এই দুটি বিষয় আলাদাভাবে আলোচনা করতে চায়। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি জবাব দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে মার্কিন বিদেশি সহায়তা কোনও দান বা দাতব্য কাজ নয়; বরং এটি মার্কিন স্বার্থকে এগিয়ে নেওয়ার কৌশলগত পুঁজি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য তথ্য ও প্যাথোজেন চুরির আশঙ্কা

অন্যদিকে, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং প্যাথোজেন (ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত জৈবিক উপাদান) চুরির আশঙ্কায় সতর্ক হয়ে উঠেছে আফ্রিকার অনেক দেশ। ঘানার ডেটা প্রটেকশন কমিশনের নির্বাহী পরিচালক আরনল্ড কাভারপুও জানান, ঘানার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একবার দেশের বাইরে চলে গেলে সেটির ওপর তাদের আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। জিম্বাবুয়েও একই কারণে চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা, এই প্যাথোজেন ব্যবহার করে মার্কিন ওষুধ কোম্পানিগুলো যে টিকা বা ওষুধ তৈরি করবে, তা জিম্বাবুয়ের মানুষ পাবে কি না তার কোনও নিশ্চয়তা নেই।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী ড. অ্যারন মোতসোয়ালেদি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেকে সম্মান করে এমন কোনও দেশেরই এই শর্তে রাজি হওয়া উচিত নয় যে পাঁচ বছরের কিছু টাকার বিনিময়ে তারা মহামারির সময় নিজেদের প্যাথোজেন বা জিনোম আমেরিকার হাতে তুলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আমেরিকার বের হয়ে যাওয়া এবং বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার এই দ্বিপাক্ষিক রূপকে বিপজ্জনক মনে করছেন বিশেষজ্ঞরা। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এই চুক্তি সই করলেও ইউএসএআইডির তহবিল কমানোর ফলে সেখানে ইবোলা মোকাবিলা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ইবোলা মোকাবিলায় বিপর্যয়

আন্তর্জাতিক সংস্থা কেয়ার-এর কঙ্গো প্রধান আমাদু বোকুম জানান, তহবিল কর্তনের কারণে ইবোলা প্রতিরোধের এক-তৃতীয়াংশ কর্মী তাদের ছাঁটাই করতে হয়েছে, ফলে নতুন করে ইবোলা ছড়ানোর পর প্রথম ১০ দিন কোনও সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করতে হয়েছে তাদের।