হার্ট সুস্থ রাখতে বাজারের তালিকায় রাখুন এই পুষ্টিকর খাবারগুলো
হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, রঙিন ও বৈচিত্র্যময় খাবার হার্টের জন্য বেশি উপকারী, কারণ এগুলোতে উদ্ভিজ্জ পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে থাকে।
রঙিন শাকসবজি ও ফল
হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সবুজ পাতাযুক্ত শাকসবজি যেমন পালংশাক অত্যন্ত কার্যকর। এগুলো ভিটামিন কে ও প্রাকৃতিক নাইট্রেটে সমৃদ্ধ, যা রক্তনালির সুস্থতা বজায় রাখে।
বেরি-জাতীয় ফল যেমন ব্লুবেরি, স্ট্রবেরি ও রাসবেরিতে রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
কপিজাতীয় সবজি যেমন ফুলকপি ও বাঁধাকপি ফাইবার ও পটাশিয়ামের ভালো উৎস। ফুলকপির সালফোরাফেন হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, আর কপির ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।
অ্যাভোকাডো মনোস্যাচুরেটেড ফ্যাটের একটি উৎকৃষ্ট উৎস, যা শরীরে জমে না গিয়ে হার্টের জন্য উপকারী। লেবুজাতীয় ফল যেমন কমলা, মাল্টা ও জাম্বুরা ভিটামিন সি ও ফাইবার সরবরাহ করে, যা হৃদযন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে।
প্রোটিনের উৎস
প্রোটিন হৃদযন্ত্রের জন্য অপরিহার্য, তবে সঠিক উৎস বেছে নেওয়া জরুরি। চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ, ম্যাকারেল ও টুনায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
বীজ ও ডাল যেমন ছোলা, রাজমা বিন নিয়মিত খাওয়া উচিত, কারণ এগুলো প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। চর্বিহীন মাংস যেমন চামড়া ছাড়া মুরগি বা টার্কির মাংস খাওয়া যেতে পারে, যা হার্টের জন্য নিরাপদ।
ডিম একটি সহজলভ্য ও পুষ্টিকর খাবার, যা বাজারের তালিকায় নিয়মিত রাখা উচিত।
শস্য, তেল ও মসলা
ওটস বিটা গ্লুকেন সমৃদ্ধ, যা খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করে। পূর্ণ দানার শস্য যেমন কিনোয়া, লাল চাল ও গম হৃদযন্ত্রের জন্য উপকারী।
বাদাম ও বীজ যেমন আখরোট, কাঠবাদাম ও চিয়া বীজ হার্টের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করে রোজকার সয়াবিন তেলের বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে।
তরকারিতে লবণের পরিমাণ কমিয়ে রসুন, পেঁয়াজ ও হলুদ ব্যবহার করা হৃদযন্ত্রের জন্য ভালো।
দুগ্ধজাত পণ্য
প্লেইন, নন-ফ্যাট বা লো-ফ্যাট টক দই প্রোবায়োটিকের ভালো উৎস, যা হজমশক্তি ও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। মিষ্টিহীন কাঠবাদাম বা সয়ার দুধও একটি স্বাস্থ্যকর বিকল্প।
এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে হার্টের সুস্থতা বজায় রাখা সম্ভব। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।



