নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী নবজাতকের মৃত্যু
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি ও অবস্থার অবনতি
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপিলে পাঠিয়ে দেন। রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই শিশুটির মৃত্যু হয়।
স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, "শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আমরা দ্রুত রমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে শিশুটির মৃত্যু কারণ নিশ্চিত হতে সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।"
রবিবার (৫ এপ্রিল) দুপুরে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, "শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে রমেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হামের কারণে হয়েছে কি না।"
পরীক্ষা-নিরীক্ষা ও সচেতনতা
তিনি আরও জানান, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।



