আগস্টে চালু হচ্ছে বরিশাল শিশু হাসপাতাল, প্রস্তুতি শেষ পর্যায়ে
আগস্টে চালু হচ্ছে বরিশাল শিশু হাসপাতাল

আগস্ট মাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষায়িত এই হাসপাতাল চালুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

পরিদর্শন ও প্রস্তুতি

সোমবার (১ জুন) দুপুরে নির্মাণাধীন বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান প্রস্তুতির খোঁজখবর নেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালু ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বরিশালের হাসপাতালটি আগামী আগস্ট মাসে চালুর পরিকল্পনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনবল ও সরঞ্জাম নিশ্চিতকরণ

তিনি আরও বলেন, শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শুধু ভবন নির্মাণ নয়; প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতাল চালুর পর দক্ষিণাঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টদের উপস্থিতি

পরিদর্শনকালে তার সঙ্গে বরিশালের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

দীর্ঘদিনের দাবি পূরণ

বহুদিন ধরে বরিশালে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি ছিল অভিভাবক ও সচেতন মহলের। হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকামুখী চাপ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ