রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। তবে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বিবেচনায় এই শাস্তি যথেষ্ট কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মানবাধিকারকর্মীর প্রতিক্রিয়া
এই বিষয়ে জানতে চাইলে মানবাধিকারকর্মী নূর খান বলেন, “হাসপাতালের এই অবহেলাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সুযোগ নেই। এত কম অর্থদণ্ড দিয়ে বিষয়টির সমাপ্তি টানা হলে সমাজে প্রয়োজনীয় বার্তা যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশ বা অবহেলার কারণে মানুষের যে ক্ষতি হয়, তার জন্য আরও কঠোর শাস্তি হওয়া উচিত। মানুষের জীবনের চেয়ে মুনাফা বড় হয়ে উঠলে এমন ঘটনাই ঘটতে থাকে। তাই এই ধরনের অবহেলার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা না নিলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন বলেন, “হাসপাতালের অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অব্যবস্থাপনার শাস্তি ৩ লাখ টাকা জরিমানা করে শেষ করার বিষয় নয়। এই অবহেলার কারণে যদি শিশু মৃত্যু হয়ে থাকে অথবা রোগীদের কোনও ক্ষতি হয়ে থাকে, তাহলে বিচার আরও কঠোর হবে বলে আশা করি। আমরা ৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে চাই। সেদিন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদনের মাধ্যমে যদি জানা যায় এই অব্যবস্থাপনার সঙ্গে শিশুদের মৃত্যুর কোনও যোগ রয়েছে, তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।”
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রবিবার (৩১ মে) বিকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালটির ক্যান্টিন, রান্নাঘর ও বিভিন্ন ওয়ার্ডে একাধিক অনিয়ম ধরা পড়ে।
অভিযানে ধরা পড়া অনিয়ম
মোবাইল কোর্টের পর্যবেক্ষণে দেখা যায়, হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা হয়েছে। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকার বিষয়টিও ধরা পড়ে।
জরিমানার বিবরণ
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা, মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্কতা
জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
নবজাতক মৃত্যুর ঘটনা ও তদন্ত
প্রসঙ্গত, সম্প্রতি আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটির ক্যান্টিন, রান্নাঘর ও সার্বিক ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম ধরা পড়েছে। ফলে নবজাতকদের মৃত্যুর ঘটনায় চলমান তদন্তের পাশাপাশি হাসপাতালটির সেবার মান, তদারকি ও জবাবদিহি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।



