সারাদেশের মতো চট্টগ্রামেও হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর শয্যা সংকট ও রোগীদের চরম দুর্ভোগ রুখতে এবার বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠি পাঠানো
বৃহস্পতিবার (২১ মে) এই সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম বিভাগের সব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘কিছু কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হাম বা হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের ভর্তি কিংবা চিকিৎসা না দিয়ে অন্যত্র রেফার করছে। এর ফলে টারশিয়ারি (উচ্চতর বিশেষায়িত) হাসপাতালগুলোতে সন্দেহভাজন হামের রোগীর চাপ অস্বাভাবিকভাবে বাড়ছে।’
নির্দেশনা
উদ্ভূত পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পাশাপাশি সব প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে হাম বা হামের উপসর্গযুক্ত রোগীদের অন্য কোথাও রেফার না করে সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে এসব রোগীদের জন্য পৃথক শয্যার (আইসোলেশন) ব্যবস্থা করার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।’
স্বাস্থ্য পরিচালকের বক্তব্য
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘হাম ও হামের উপসর্গে আসা রোগীদের ভর্তি করে চিকিৎসা দিতে চট্টগ্রাম বিভাগের সব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি। আমরা আশা করি, সবাই হাম ও হামের উপসর্গের রোগীকে দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করবেন এবং করোনাকালীন সময়ের মতো সেবার দৃষ্টান্ত স্থাপন করবেন।’



