রাজবাড়ীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে হাসপাতালে শয্যা সংকট
রাজবাড়ীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে শয্যা সংকট

রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। ধারণক্ষমতার চার গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় শয্যার অভাবে হাসপাতালের বারান্দা ও মেঝেতেই চলছে চিকিৎসা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষও। ডায়রিয়া ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন এবং মোট চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন রোগী। শনিবার (২৫ এপ্রিল) রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

রোগীদের দুর্ভোগ

ডায়রিয়া আক্রান্ত স্ত্রীকে নিয়ে সদর উপজেলা থেকে এসেছেন হারুন অর রশিদ। তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে ভর্তি করেছি আমার স্ত্রীকে। বেড পাইনি, এজন্য বারান্দায় থাকতে হচ্ছে। নেই ফ্যান, অনেক গরম। আমরা যখন এসেছি তখন আরও অনেক রোগী ছিল। বিকালের দিকে কিছু রোগী কমেছে।’

ফাতেমা নামে আরেক রোগীর বাবা বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। ভেতরে বেড তো দূরে থাক, ফ্লোরেও জায়গা পাইনি। হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। একে তো মেয়েটা অসুস্থ, তারপর প্রচণ্ড গরম। এভাবে থাকা যায় নাকি। মেয়ের চিকিৎসা করাতে এসে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান বলেন, ‘রাজবাড়ীতে গত কয়েকদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। ফলে ফ্লোরেও রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত স্যালাইন ও নার্সরা আছে। চাপ থাকায় অল্প সময়ের জন্য কয়েকজন রোগী বাইরে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘কেউ ডায়রিয়া আক্রান্ত হলে পানিশূন্যতা যেন না হয় সে জন্য পর্যাপ্ত খাবার স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে হবে। তবে কোনো রোগীর পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। রোগীর সংখ্যা বেশি হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ