ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপাদানের ভূমিকা
গত কয়েক দশকে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। একসময় ডায়াবেটিস শুধু বয়স্কদের রোগ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ৩০ বছর বয়সের আগেই অনেকের রক্তে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে। টাইপ ২ ডায়াবেটিস তখনই হয় যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পাশাপাশি কিছু প্রাকৃতিক খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। মেথি, দারুচিনি, আমলকী, হলুদ, তুলসী, অ্যালোভেরা ও নিমপাতা—এই উপাদানগুলো ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে এবং বিপাকক্রিয়া স্বাভাবিক রেখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
মেথি বীজ ও দারুচিনি
মেথির বীজে থাকা ফাইবার ও অ্যান্টি-ডায়াবেটিস উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এক চা চামচ মেথির বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করা কমে এবং ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায়। মেথির দ্রবণীয় ফাইবার গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়। অন্যদিকে, দারুচিনিতে থাকা অ্যান্টি-ডায়াবেটিস উপাদান ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে কার্যকর। দারুচিনির একটি ছোট টুকরো পানিতে ফুটিয়ে খেলে গ্লুকোজ বিপাক উন্নত হয় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে।
আমলকী ও হলুদ
আমলকীতে প্রচুর ভিটামিন সি ও পলিফেনল থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমায়। সকালে টাটকা আমলকী বা আমলকীর রস খেলে গ্লুকোজ বিপাক ভালো হয়। আমলকীর রসের চেয়ে গোটা আমলকী খেলে বেশি ফাইবার পাওয়া যায়। হলুদের কারকিউমিন উপাদান ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়তা করে এবং প্রদাহ কমিয়ে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সকালে হালকা গরম পানিতে এক চিমটে হলুদ মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। হলুদের কারকিউমিন গোলমরিচের সঙ্গে খেলে স্বাস্থ্যগুণ আরও বেড়ে যায়।
তুলসী, অ্যালোভেরা ও নিমপাতা
তুলসী আয়ুর্বেদ চিকিৎসায় ঠান্ডা-সর্দি নিরাময়ের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর। প্রতিদিন সকালে গরম পানিতে কয়েকটি তুলসী পাতা দিয়ে দুই-তিন মিনিট ফুটিয়ে চা বানিয়ে খেলে উপকার পাওয়া যায়। অ্যালোভেরায় লেকটিন, ম্যাননান্স ও অ্যানথ্রাকুইনোনের মতো রাসায়নিক যৌগ থাকে, যা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে, কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং প্রদাহ কমায়। নিমপাতায় ফ্ল্যাভোনয়েডস, ট্রাইগ্লিসারাইড কমানোর উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি নিমপাতা চিবিয়ে বা নিমপাতার রস খেলে রক্তে গ্লুকোজ স্থিতিশীল থাকে।



