নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ভাড়া বাসা থেকে লাকি আখতার (৩০) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মায়ের মরদেহের সামনে দুই শিশুকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।

নিহতের পরিচয় ও পেশা

নিহত লাকি আক্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০ শয্যা হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে শরিফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯ বছর আগে লাকির বিয়ে হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে গুনিয়াউক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেওয়ার পর থেকে লাকি আখতার দুই সন্তানকে নিয়ে ইউনিয়নের সুবল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দুইদিন আগে তার স্বামী শরীফ আহমেদ সেখানে বেড়াতে আসেন। বুধবার সকাল ১১টার দিকে শরীফ বাসা থেকে বের হয়ে যান। পরে দুপুরে স্ত্রীকে একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে বাড়ির মালিক সুবল মিয়াকে খোঁজ নিতে বলেন। তিনি বাসায় গিয়ে দরজা খোলা অবস্থায় দুই শিশুকে কান্নাকাটি করতে দেখেন। ভেতরের ঘরে উঁকি দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে লাকির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বাড়ির মালিক সুবল মিয়া বলেন, ‘নিহতের স্বামী আমাকে ফোন করে জানান, তার স্ত্রী ফোন ধরছেন না। আমি বাসায় গিয়ে দেখি দরজা খোলা, আর দুই শিশু মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। এরপরই পুলিশকে খবর দিই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহকর্মী ও স্বামীর বক্তব্য

সহকর্মীরা জানান, ঘটনার দিন দুপুর পর্যন্ত তিনি স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন। এরপর বাসায় ফিরে কোনো একসময় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী শরীফ আহমেদ দাবি করেন, তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ বা মতবিরোধ ছিল না। ‘আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল।’

সিভিল সার্জনের মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।

পুলিশের কার্যক্রম

নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।