বৈরী আবহাওয়ায় স্বামীর বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক বন্যা মজুমদার
স্বামীর বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক বন্যা মজুমদার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

অভিযোগ ও দাবি

অনশনরত ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

ডা. বন্যা মজুমদার জানান, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, ‘বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদলের সঙ্গে বন্যার বিয়ে দেওয়া হয়েছিল।’

স্থানীয়দের ভাষ্য, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

স্বামীর বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, ‘আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ