স্বাস্থ্যমন্ত্রী: দুর্নীতিতে জড়িতদের বদলি নয়, চাকরিচ্যুত করা হবে
স্বাস্থ্যমন্ত্রী: দুর্নীতিতে জড়িতদের চাকরিচ্যুত করা হবে

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

মন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি ও ঘুষ বন্ধ করতে হবে। এটাতে কোনও প্রশ্রয় দেবো না। দুর্নীতি ও ঘুষ নিলে সরাসরি চাকরিচ্যুত করা হবে।’

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে চলতি বছরই একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চাই। এ লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যেন জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পায় এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট বাস্তবায়নে দুর্নীতিমুক্ততার প্রতিশ্রুতি

মন্ত্রী বলেন, ‘এবারের বাজেট একটি আদর্শভিত্তিক বাজেট এবং এর প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।