লক্ষ্মীপুরে কিশোর অটোরিকশাচালক হত্যা: প্রধান আসামি পোষা বানরসহ গ্রেপ্তার
কিশোর অটোরিকশাচালক হত্যা: আসামি পোষা বানরসহ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. রাজিবকে (১৪) হত্যার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাঁর সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ।

আসামির পরিচয় ও অভিযোগ

গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশাচালক রাজিবকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন গিয়াস উদ্দিন। তিনি শুক্রবার রাতে রাজিবের অটোরিকশাটি ভাড়া নিয়ে নির্জন স্থানে মাদক সেবন করতে গিয়েছিলেন। সেখানে রাজিবের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গিয়াস উদ্দিন। রাজিব তাতে বাধা দিলে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরদিন শনিবার দুপুরে চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, রাজিবকে হত্যার পর তার লাশ বাগানেই ফেলে রেখে হায়দারগঞ্জ বাজারে নিয়ে গিয়ে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করেন গিয়াস। তবে সেটি বিক্রি করতে না পারায় পাশের একটি বাড়িতে রেখে পালিয়ে যান।

পোষা বানরের বিষয়

ওসি বলেন, 'গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছিল। "রাজ" নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাঁকে সেই পোষা বানরটিসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে দেখা যায়।