কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে আটক করা হয়।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ফুসলিয়ে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন কামাল উদ্দিন। শিশুটির রক্তক্ষরণ হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্তের আটক
চকরিয়া থানার পুলিশ জানায়, ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত কামাল উদ্দিন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে।
চিকিৎসা ও আইনি প্রক্রিয়া
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জায়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসা শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আজ শনিবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে কামাল উদ্দিনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’



