চট্টগ্রামে একদিনে আরও আট শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এদের মধ্যে নগরীর ৬২ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ২৪ জন।
হাম শনাক্ত ও হাসপাতালে ভর্তি
বুধবার (২৯ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই নগরীর বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন শিশু।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার নতুন করে আরও ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬৫২ জনের নমুনা ঢাকায় পাঠানো হলো। এরমধ্যে নগরীর ৫২৯ জন এবং উপজেলার ১২৩ জন রয়েছে।
সিভিল সার্জনের বক্তব্য
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে একদিনে আরও আটজনের দেহে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৪০ জন শিশু ভর্তি রয়েছে। হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নগরী ও উপজেলায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।



