কানের ময়লার রং বলে দেবে স্বাস্থ্যঝুঁকির সংকেত
কানের ময়লার রং বলে দেবে স্বাস্থ্যঝুঁকির সংকেত

চিকিৎসাবিজ্ঞান বলছে, কানের ময়লা শুধু শরীরের বর্জ্য নয়, বরং এটি শরীরের অভ্যন্তরীণ অবস্থার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। চিকিৎসা পরিভাষায় ‘সেরুমেন’ নামে পরিচিত এই ময়লা কানের নালীকে ধুলাবালি, জীবাণু ও অন্যান্য ক্ষতিকর কণা থেকে সুরক্ষা দেয় এবং কানের ভেতর পরিষ্কার ও আর্দ্র রাখতে সাহায্য করে।

কানের ময়লার রং কী বার্তা দেয়?

হালকা হলুদ বা হালকা বাদামি: সুস্থ কানের লক্ষণ

সাধারণত কানের ময়লার রং হালকা হলুদ, কমলা বা বাদামি হয়ে থাকে। এটি কানের স্বাভাবিক কার্যক্রম ও পরিচ্ছন্নতার ইঙ্গিত দেয়।

গাঢ় বাদামি: পুরোনো ময়লা জমার ইঙ্গিত

গাঢ় বাদামি রঙের ময়লা সাধারণত দীর্ঘ সময় ধরে কানে জমে থাকা ময়লার লক্ষণ। সময়ের সঙ্গে এতে ধুলাবালি ও অন্যান্য কণা মিশে যায়। এটি বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক হলেও অতিরিক্ত জমে গেলে কানে ব্লকেজ বা সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহারের কারণেও এ সমস্যা বাড়তে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লালচে ময়লা: রক্তক্ষরণের সম্ভাবনা

উজ্জ্বল লাল বা লালচে-বাদামি রঙের ময়লা কানের ভেতরে রক্তক্ষরণের ইঙ্গিত দিতে পারে। ভুলভাবে কটন বাড ব্যবহারের কারণে ছোটখাটো আঘাত থেকে এমনটি হতে পারে। তবে কখনও কখনও এটি কানের পর্দা ফেটে যাওয়া বা সংক্রমণের লক্ষণও হতে পারে, যা চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

সবুজ বা ক্রিম রঙের নির্গমন: সংক্রমণের সতর্কবার্তা

সবুজ বা ক্রিম রঙের কানের ময়লায় পুঁজ থাকতে পারে, যা সাধারণত সংক্রমণের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অবস্থার সঙ্গে কানে ব্যথা, মাথা ঘোরা বা তরল নির্গমনের মতো উপসর্গও দেখা দিতে পারে।

দুর্গন্ধযুক্ত ময়লা: ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত সংক্রমণ

কানের ময়লা থেকে দুর্গন্ধ বের হলে তা কানের ভেতরে আর্দ্রতা জমে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের ইঙ্গিত হতে পারে। এ অবস্থায় কানে ভোঁ ভোঁ শব্দ, মাথা ঘোরা কিংবা কান বন্ধ হয়ে থাকার অনুভূতিও দেখা দিতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুষ্ক ও গুঁড়ার মতো ময়লা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়ায় অনেকের কানের ময়লা শুষ্ক বা খসখসে হয়ে যেতে পারে। তবে এর সঙ্গে চুলকানি, ফোলা, ব্যথা বা শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যা থাকলে তা একজিমা বা সংক্রমণের লক্ষণ হতে পারে।

রোগ শনাক্তেও ভূমিকা রাখতে পারে কানের ময়লা

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, কানের ময়লা ব্যবহার করে বিষণ্নতা ও পারকিনসনস রোগের মতো কিছু রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সম্ভাবনা নিয়ে কাজ করছেন গবেষকরা। যদিও বিষয়টি এখনও গবেষণাধীন, তবু এটি কানের ময়লাকে সম্ভাব্য রোগ নির্ণয়-সহায়ক উপাদান হিসেবে নতুন করে আলোচনায় এনেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, কানের ময়লার রং, গন্ধ বা গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে নিজে চিকিৎসা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: সামা টিভি