নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ
আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'আজকের এই খুশির দিনে বেদনার খবর হলো, গতকালের (বুধবার) আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক।'
তিনি আরও বলেন, 'অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় আমি মর্মান্তিক এ খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।'
হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রীর বক্তব্য
হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, 'আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম, তবে হাজারো শিশু মারা যেত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হামে আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পর হামে আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।'
উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণ
গতকাল বুধবার সকালে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারির পোস্টঅপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।



