চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় এই মামলা করেন। মামলায় মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যাকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে।
ঘটনার বিবরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আজ শিশুটির বাবা মামলা করেছেন এবং আসামি পুলিশ হেফাজতে আছে।
জানা গেছে, অভিযুক্ত মনির হোসেন বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী। বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ধর্ষকের অবস্থান শনাক্ত করে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। বিদ্যুৎ চলে গেলে পুলিশ অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে কৌশলে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক ও বিক্ষুব্ধ লোকজনসহ কমপক্ষে ৩০ থেকে ৪০ জন আহত হন। মধ্যরাতের দিকে পরিস্থিতি থমথমে অবস্থায় থাকে।



