স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব, হাসপাতালে আধুনিক সরঞ্জামের প্রতিশ্রুতি
স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব, হাসপাতালে আধুনিক সরঞ্জাম

দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে এক শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি, শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারও এ খাতে নজর দেয়নি। তবে বর্তমান সরকার বাজেট বৃদ্ধি করছে এবং বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

শিশু হাসপাতাল চালু

তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে দেশের শিশুচিকিৎসা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের নিরাপত্তা জোরদার

হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে পর্যাপ্ত আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনবল সংকট নিরসন

জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ জনবল নিয়োগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।