হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ছয় শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল পাঁচ শিশুর।
হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে
এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। মোট হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।
হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে।
মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



