মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি সুস্থ না থাকলে পুরো শরীরই অকার্যকর হয়ে পড়ে। খাবার হজম করা থেকে শুরু করে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া—সবকিছুতেই লিভারের ভূমিকা অপরিহার্য। কিন্তু যখন লিভার তার স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়, তখন শুধু শরীর খারাপ হয় না, বরং মৃত্যুঝুঁকিও বেড়ে যায়। পিআইএইচ হেলথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিভারের সাধারণ লক্ষণগুলো কী কী?
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, কিছু সাধারণ উপসর্গও লিভারের গুরুতর রোগের ইঙ্গিত দিতে পারে। তাই এগুলোকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। লিভারের সমস্যার সম্ভাব্য লক্ষণগুলো হলো:
- চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, যা সাধারণত জন্ডিসের লক্ষণ
- পেটে ব্যথা বা পেট ফুলে যাওয়া
- সহজেই শরীরে কালশিটে পড়ে যাওয়া
- ত্বকে চুলকানি
- পা বা গোড়ালি ফুলে যাওয়া
- চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া
- ক্ষুধামন্দা
- বমি বমি ভাব বা বমি
- সবসময় দুর্বল লাগা বা অতিরিক্ত ক্লান্তি
- সাদা বা ফ্যাকাশে রঙের পায়খানা
- রক্তচাপ কমে যাওয়া
- ভারসাম্য হারানো বা বিভ্রান্তি
- হাত কাঁপা বা শরীরে কম্পন হওয়া
তবে এই উপসর্গগুলো অন্য রোগের কারণেও দেখা দিতে পারে। তাই এগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লিভারের রোগের ধরন
লিভারের নানা ধরনের রোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি ও সি ভাইরাস লিভারে প্রদাহ সৃষ্টি করে এবং ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমিয়ে দেয়। এ ছাড়া সিরোসিস হলে লিভারে স্থায়ী দাগ তৈরি হয়, যা সুস্থ টিস্যুর জায়গা দখল করে নেয় এবং একসময় লিভার অকেজো হয়ে যায়। বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত বাড়ছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপন এর প্রধান কারণ। অ্যালকোহলিক ফ্যাটি লিভারও দেখা যায় অতিরিক্ত মদ্যপানের কারণে। কিছু ক্ষেত্রে লিভারে ক্যানসার হতে পারে, অথবা শরীরের অন্য অংশের ক্যানসার লিভারে ছড়িয়ে পড়তে পারে।
লিভার ভালো রাখার উপায়
লিভার সুস্থ রাখতে কিছু সচেতনতা অবলম্বন করা জরুরি। চিকিৎসকরা নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন:
- অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন
- ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন
- নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন
- অন্যের রেজর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করবেন না
- ওষুধ খাওয়ার আগে সতর্কতা জেনে নিন
- চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ওষুধ বা ভিটামিন খাবেন না
- স্বাস্থ্যকর খাবার খান
- নিয়মিত শরীরচর্চা করুন
- ওজন নিয়ন্ত্রণে রাখুন
বিশ্বব্যাপী লিভার রোগের পরিস্থিতি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাস বহন করছে। প্রতিবছর এই রোগে লাখ লাখ মানুষের মৃত্যু হয়। সংস্থাটি বলছে, সময়মতো টিকা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ মৃত্যু প্রতিরোধ সম্ভব। বাংলাদেশেও হেপাটাইটিস বি ও সি সংক্রমণের হার উদ্বেগজনক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো ছাড়া এই নীরব ঘাতক থেকে বাঁচার আর কোনো বিকল্প নেই।
লিভার রোগ শনাক্তকরণ
লিভারের সমস্যা শনাক্ত করতে সাধারণত রক্ত পরীক্ষা করা হয়। প্রয়োজনে আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই কিংবা বায়োপসিও করতে হতে পারে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।



