শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে আনার আগেই মৃত্যু
তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
ঘটনার বিবরণ
জানা যায়, শিশুটির নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ। তিনি তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিলো শিশু মানহা মনি। মঙ্গলবার সকালে নানার সঙ্গে তার বিদ্যালয়ে যায় শিশু মানহা মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। বাদাম খাওয়ার একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। অবস্থা গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় শিশুটির।



