সড়ক অবরোধ ও আন্দোলন
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে ও একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে টানা আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া আন্দোলন তুলে না নেওয়ার ঘোষণা দেন।
শিক্ষার্থীদের বঞ্চনা
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে ৪টি শিক্ষাবর্ষ চলমান থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ওয়ার্ড ক্লাসসহ একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্য চিকিৎসায় পিছিয়ে পড়ছেন অধ্যয়নরতরা।
দীর্ঘ আন্দোলন ও হুঁশিয়ারি
হাসপাতাল চালুর দাবিতে গত বছরের ১৫ এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করে প্রশাসন কর্তৃক আশ্বাস পেলেও এক বছরেও হাসপাতাল চালু না হওয়ায় গত ৭ দিন ধরে নতুন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।



