চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১১ হাজারের বেশি, নগরে প্রায় ১২ হাজার কম
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১১ হাজারের বেশি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চট্টগ্রাম নগরে গতবারের তুলনায় এবার প্রায় ১২ হাজার পরীক্ষার্থী কমে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮৩ জনে। ২০২৪ সালে নগরে পরীক্ষার্থী ছিলেন ৪৮ হাজার ৪৮০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নগরে পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৭৯৭ জন, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ হাজার ৭৯৮ জন।

নগরের বাইরে বেড়েছে পরীক্ষার্থী

তবে চট্টগ্রাম নগরের বাইরে বিভিন্ন উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। উপজেলাগুলোতে গতবারের চেয়ে ১০ হাজার ৮২৪ জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৬ হাজার ৮৩০ জন। সামগ্রিকভাবে চট্টগ্রাম জেলায় (নগরসহ) গতবার পরীক্ষার্থী ছিলেন ৭১ হাজার ৯৪৭ জন, এবার তা কমে ৭০ হাজার ৯৭৪ জন হয়েছে, অর্থাৎ ৯৭৩ জন কমেছে।

পাঁচ জেলায় পরীক্ষার্থী কমেছে ৩ হাজারের বেশি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। অর্থাৎ পাঁচ জেলায় গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা কমেছে ২ হাজার ৮০৮ জন। সবচেয়ে বেশি কমেছে মানবিক বিভাগে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলেজ ও কেন্দ্রের সংখ্যার পরিবর্তন

এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গতবার ছিল ২৭৭টি। অর্থাৎ কলেজ বেড়েছে ৬টি। অন্যদিকে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমেছে একটি—গতবার ১১৫টি কেন্দ্র ছিল, এবার ১১৪টি। চট্টগ্রাম জেলায় একটি কেন্দ্র কমেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলায় এবার পরীক্ষার্থী ১২ হাজার ২৫৫ জন। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা শুরু ২ জুলাই, প্রস্তুতি সম্পন্ন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২ জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ সব কার্যক্রম শেষ করেছে বোর্ড। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৩টি পর্যবেক্ষক দল (ভিজিল্যান্স টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ ভিজিল্যান্স এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম।

শিক্ষার্থী কমে যাওয়ার কারণ সম্পর্কে কোনো ধরনের গবেষণা ছাড়া বলা কঠিন বলে মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক।