আগামী ১১ জুন থেকে সুইডেনের সংসদ গবেষক, পিএইচডি শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি নতুন অভিবাসন নীতি কার্যকর করতে যাচ্ছে। এই নতুন নিয়মের আওতায় গবেষক ও ডক্টরাল শিক্ষার্থীদের জন্য সুইডেনের ভেতর থেকে অনুমতি আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তিন বছর পর স্থায়ী বসবাসের সুযোগও থাকবে।
গবেষকদের জন্য সুবিধা
নতুন নীতিতে গবেষক ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে। তারা সুইডেনের ভেতর থেকে সরাসরি আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট শর্ত পূরণে তিন বছর পর স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন।
শিক্ষার্থীদের জন্য কঠোর শর্ত
তবে ঢাকার সুইডেন দূতাবাস জানিয়েছে, স্টাডি পারমিটের ক্ষেত্রে নতুন নিয়ম আরও কঠোর করা হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন বিধিমালায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সময় সীমিত করা হবে। পাশাপাশি তাদের অবশ্যই স্পষ্ট একাডেমিক অগ্রগতি দেখাতে হবে।
পারমিট পরিবর্তন কঠিন
এছাড়া সুইডেনের ভেতরে থেকে স্টাডি পারমিট পরিবর্তন করে অন্য ধরনের আবাসিক অনুমতিতে যাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করা হয়েছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পারমিট বাতিলের সুযোগও থাকবে বলে জানানো হয়েছে।



