লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, কমলনগরের উন্নয়নের স্বার্থে জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সব মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কমিটি গঠনের নির্দেশনা
হুইপ শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ‘শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি’ গঠনের নির্দেশনা দেন। এসব কমিটিতে মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল মানসিকতার গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষকদের উদ্দেশ্যে হুইপ বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক ও মানবিক শিক্ষায় গড়ে তুলে ইতিবাচক চিন্তাধারার মানুষ হিসেবে তৈরি করতে হবে।
শিক্ষা সামগ্রী বিতরণ
অনুষ্ঠান শেষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অন্যান্য অতিথি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, এসপি সার্কেল (কমলনগর-রামগতি) সামছুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন প্রমুখ।



