মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হাওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার। এ লক্ষ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আরও একটি কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
সোমবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা এবং তাদের পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সরকারি পদক্ষেপ
গণমাধ্যমের খবর উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদারীপুরের খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি বাতিলের প্রশ্নে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রীর নির্দেশনা
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন।
তদন্ত প্রতিবেদন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে ইতোমধ্যে একটি প্রতিবেদন দিয়েছেন। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
আইনি ব্যবস্থা
এছাড়াও, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।



