সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তারই ফলে মাত্র দুই মাসে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।
শিক্ষা ব্যবস্থার ধ্বংসযজ্ঞ ও পুনরুদ্ধারের প্রচেষ্টা
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তারা শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে এবং মেধা ধ্বংসের চক্রান্ত করে জাতিকে পিছিয়ে দিয়েছিল।
মাগুরায় বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য
শনিবার (২৫ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী শালীমা হক মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি সময় গেছে যখন পরীক্ষা না দিয়েই ৯৮ শতাংশ পাস করানোর মতো ভয়ংকর ধ্বংসাত্মক নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা সেই ধারা বদলে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছি।
শিক্ষকদের দায়িত্ব ও পরিকল্পনা
শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন-ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা আমাদের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদেরও তাদের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল হতে হবে এবং নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে।
এর আগে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
কাজী শালীমা হক মহিলা ডিগ্রী কলেজের সভাপতি নেওয়াজ হালিমা আরলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রকাশক আলী আহম্মেদ, মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহনুর জামান।
আলোচনা সভা শেষে মন্ত্রী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



