প্রিয় পরীক্ষার্থী, ইংরেজি ২য় পত্রের প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করা হলো। নিচে প্রতিটি অংশের বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো:
গ্যাপ ফিলিং উইথ ক্লুজ
এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে। বক্সে প্রদত্ত কোনো কোনো শব্দের রূপ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে এবং একটি শব্দ একাধিক শূন্যস্থানে ব্যবহৃত হতে পারে। Parts of speech ও Article দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। তবে article ও preposition–এর প্রাধান্য থাকতে পারে। শুধু উত্তরগুলো a, b, c, d, ….j. আকারে লিখতে হবে।
সাবস্টিটিউশন টেবিল
প্রশ্নপত্রের এ অংশে পাঁচটি বাক্যকে তিনটি কলামের একটি টেবিল ফরম্যাটে বিভক্ত করা থাকবে। প্রথম কলামে বাক্যের subject, দ্বিতীয় কলামে verb ও তৃতীয় কলামে অবশিষ্ট অংশ থাকবে। টেবিলে প্রদত্ত এলোমেলো বাক্যাংশগুলোকে সাজিয়ে context অনুসারে পাঁচটি বাক্য গঠন করতে হবে।
রাইট ফর্ম অব ভার্বস
এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। শূন্যস্থান পূরণের জন্য বক্সে clue হিসেবে verb দেওয়া থাকবে। Verb-এর right form ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে। subject-verb-agreement, person, number এবং tense এর পরিবর্তন ছাড়া voice এর passive form এর ব্যবহার করার প্রয়োজন হতে পারে। প্রয়োজন অনুসারে verb-এর negative form ব্যবহার করবে।
চেঞ্জিং সেন্টেন্সেস
এ অংশে ১০টি বাক্যের একটি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর পাশে ব্র্যাকেটের ভেতরে প্রদত্ত নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে।
ইউজ অব সাফিক্স এন্ড প্রিফিক্স
এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের ভেতরে ১০টি শব্দ ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। Root-word বা মূল শব্দের সঙ্গে context অনুসারে উপযুক্ত prefix বা suffix অথবা prefix ও suffix উভয়ই যোগ করে উত্তর লিখবে।
ইউজ অব প্রিপজিশন
এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এই অংশে ভালো করতে হলে appropriate preposition বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। মনে রেখো, যে যত বেশি appropriate preposition আয়ত্ত করবে, সে তত ওই অংশে ভালো করবে।
মেকিং ট্যাগ কোয়েশ্চেনস
বিবৃতি, নির্দেশ, অনুরোধ (আবেগ, আনন্দ, বেদনা) ইত্যাদি প্রকাশক পাঁচটি বাক্য দেওয়া থাকবে। প্রতিটি বাক্য যথোপযুক্ত ট্যাগসহ আবার লিখে উত্তর করতে হবে। উত্তর লেখার সময় অবশ্যই পুরো বাক্যসহ ট্যাগ লিখতে হবে। উত্তরের অংশটি অবশ্যই underline করবে।
গ্যাপ ফিলিং ইউজিং সেন্টেন্স কানেক্টরস
এ অংশে পাঁচটি শূন্যস্থান–সংবলিত একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। শূন্যস্থানে উপযুক্ত sentence connector বসাতে হবে।
ইউজ অব ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস
প্রশ্নপত্রের এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks (বিরামচিহ্ন) দেওয়া থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে অনুচ্ছেদটি লিখতে হবে।
রাইটিং ফরমাল লেটার
প্রশ্নপত্রের এ অংশে প্রদত্ত প্রশ্নের আলোকে একটি formal letter লিখতে হবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না।
প্যারাগ্রাফ রাইটিং
এ প্রশ্নে দেওয়া information অনুসরণ করে কিংবা কতকগুলো প্রশ্নের উত্তরদানের মাধ্যমে একটি paragraph লিখতে হবে। প্রাসঙ্গিক বাক্য দিয়ে প্যারাগ্রাফ লিখবে।
রাইটিং শর্ট কম্পোজিশন
এ অংশে শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিচিত কোনো বিষয়, বস্তু, স্থান, সাম্প্রতিক বিষয় বা ঘটনা, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যেকোনো একটি short composition লিখতে হবে। এ অংশে বিকল্প প্রশ্ন থাকবে না। তাই এ অংশের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে।
মো. জসিম উদ্দীন বিশ্বাস, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা



