চার নতুন বিষয় যুক্ত, ২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম চালু
চার নতুন বিষয় যুক্ত, ২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। একইসঙ্গে ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত

সোমবার সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, যতটা দ্রুত সম্ভব শিক্ষায় প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। শিক্ষাক্রমের মধ্যে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন ও পরিমার্জন করতে হবে।

নতুন চারটি বিষয়

পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াসংস্কৃতি নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে আরও দুটি বিষয়। উপদেষ্টা জানান, এগুলো বাধ্যতামূলক বিষয় হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়টি শিক্ষার্থীদের মূল্যবোধের নীতির মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে জানান তিনি। এছাড়া শিক্ষকদের শেখানো ও প্রশিক্ষণের বিষয়টিও এই কোর্সের অন্তর্ভুক্ত থাকবে।

তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির পরিকল্পনা

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর লক্ষ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বড় অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা অনুযায়ী শিক্ষাক্রম ও শিক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব ঢেলে সাজানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সময়সীমা ও বাস্তবায়ন

নতুন চারটি বিষয় কবে থেকে চালু হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা তিন মাসে সম্ভব নয়। প্রথমত এটিকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মত অনুধাবন করে ২০২৭ সাল থেকে দেওয়া হচ্ছে। আর পুরো শিক্ষাক্রম পরিবর্তনের কাজ শুরু হয়েছে, যা ২০২৮ থেকে দেখা যাবে। শিখন ফল অর্জনকে গুরুত্ব দিয়ে শিক্ষাক্রম করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সরকারের পরিকল্পনা হলো, ২০২৮ সাল থেকে নতুন করে একটি শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা। এই শিক্ষাক্রম প্রণয়নের রূপরেখা প্রণয়নের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তবে ২০২৮ সাল থেকে একেবারে সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে, না কি ধাপে ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।