ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রবেশপত্র গ্রহণের পদ্ধতি
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করবেন।
ত্রুটি সংশোধনের সময়সীমা
প্রবেশপত্র যাচাই শেষে কোনো ধরনের ত্রুটি, কম বা বেশি পাওয়া গেলে তা সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তী সময়ে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ওপর বর্তাবে বলে সতর্ক করা হয়েছে।
বিতরণের সময়সূচি
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১৫ জুন বিতরণ করা হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে ১৬ জুন।



