ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাতটি ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২০ জুন পর্যন্ত। ভর্তিচ্ছুরা ৫ জুলাই থেকে ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমানের সই করা এই তথ্য জানানো হয়।
ক্যাম্পাস ও ইউনিটভিত্তিক আবেদন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি ইউনিটের অধীনে আবেদন করতে পারবেন। প্রতিটি ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ থাকবে।
আবেদন ফি ও অন্যান্য তথ্য
ভর্তি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যোগ্যতা, আসন সংখ্যা ও অন্যান্য তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রবেশপত্র ও আসন বিন্যাস
আগামী ৫ জুলাই থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



