নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা: প্রতিমন্ত্রী
নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রম আর শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন শিক্ষাক্রম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শ্রেণিকক্ষের শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাকে। এ জন্য উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কারিকুলামের ভিত্তি

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার– এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আমরা এত স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি– আগামীদিন থেকে প্রতিটি অবকাঠামো হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।’

শিক্ষার্থীদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টেক্সটবুক কাদের জন্য বানাচ্ছেন, কোন কনটেক্সটে বানাচ্ছেন? তারপর চিন্তা করবেন, এর ফলে শিক্ষার্থীরা কতটুকু শিখছে, তার ভিত্তিতে প্রত্যেকটা জিনিস হবে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি।’

এ সময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ