২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পরীক্ষার সময়সূচি ও সেশনজট কমানোর উদ্যোগ

শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।' তিনি আরও বলেন, এই মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমানের প্রায় ২০ লাখ, মোট ৪০ লাখ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসিতে অংশ নেয়। তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে, আর এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশনজট কমানো, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া—এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা সিঙ্ক্রোনাইজ করতে চেয়েছি কীভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে শিক্ষার্থীরা, প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিসেম্বর মাসকে লক্ষ্য করে পরিকল্পনা

মন্ত্রী বলেন, 'ধরে নিচ্ছি, ডিসেম্বর ইজ দ্য এন্ড অব দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেইদিকে আমরা এগুচ্ছিলাম। অর্থাৎ ক্লাস নাইন-টেন দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে। সিলেবাস হওয়ার পর এসএসসি পরীক্ষা দেবেন। ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে। আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময়মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হওয়ার সঙ্গেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ। ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি।'

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এসএসসি পরীক্ষা স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।