ইমাম ইবনে তাইমিয়া: কেল্লা যখন গবেষণাগার
ইমাম ইবনে তাইমিয়া: কেল্লা যখন গবেষণাগার

ইমাম ইবনে তাইমিয়া (মৃ. ৭২৮ হি.) তাঁর জীবনের বড় একটা অংশ দামেস্ক ও কায়রোর বিভিন্ন কারাগারে কাটিয়েছেন। তাঁর জন্য কারাগার ছিল আল্লাহর সান্নিধ্য লাভের এক নির্জন স্থান। তিনি বলতেন, "শত্রুরা আমার কী ক্ষতি করবে? আমার জান্নাত ও বাগান তো আমার বুকের ভেতরেই আছে।"

কারাগারে থাকা অবস্থায় তিনি বহু গবেষণাধর্মী রিসালা ও কিতাব রচনা করেন। তাঁর ছাত্র ইবনুল কাইয়িম বর্ণনা করেছেন, একবার সুলতান যখন তাঁর কাছ থেকে সব বই, কাগজ ও কলম কেড়ে নেন, তখন তিনি বিচলিত না হয়ে কয়লা দিয়ে কারাগারের দেয়ালে লেখা শুরু করেন। তাঁর অমর কীর্তি মাজমুউল ফাতাওয়া'র অনেক অংশ এই বন্দী জীবনেরই ফসল। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৪/১৩৫, দারুল হিজর, কায়রো, ১৯৯৭)

ইমাম আহমদের অবিচলতা

আব্বাসীয় খলিফাদের আমলে যখন 'কোরআন সৃষ্ট' কি না সেই বিতর্ক চরমে পৌঁছে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে (মৃ. ২৪১ হি.) শিকলবন্দী করে সাধারণ অপরাধীদের জেলে নিক্ষেপ করা হয়। সেখানে তাঁকে প্রচণ্ড চাবুক মারা হতো। কিন্তু জেলের ভেতরেও তিনি তাঁর পাঠদান বন্ধ করেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাঁর ছাত্র হানবাল ইবনে ইসহাক বলেছেন, "আমরা শিকলবন্দী অবস্থায় ইমামের কাছে আসতাম এবং তিনি আমাদের হাদিস ও ফিকহ পড়াতেন। এমনকি শিকল পরা অবস্থাতেই তিনি বন্দীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন।" (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ১১/২৫০, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫) তাঁর এই আপসহীন অবস্থান ইসলামি আকিদাকে এক মহা বিপর্যয় থেকে রক্ষা করেছিল।

রাজবন্দীদের রচিত সাহিত্য

শুধু ধর্মতত্ত্ব নয়, ইতিহাস ও সাহিত্যের অমূল্য কিছু কাজও সম্পন্ন হয়েছে কারাগারে। ইব্রাহিম ইবনে হিলাল আল-সাবিকে যখন বাগদাদের সুলতান আদদু দৌলা বুয়াইহি বন্দী করেন, তখন তাঁর মুক্তির শর্ত দেওয়া হয়েছিল যে বুয়াইহি বংশের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে একটি বই লিখতে হবে। সেই শর্তের অধীনে জেলে বসে তিনি রচনা করেন ঐতিহাসিক গ্রন্থ আল-তাজি। (ইবনে সায়ি, আদ-দুররুল সামিন ফি আসমাইল মুসান্নিফিন, পৃষ্ঠা ৯৪, দারুল কুতুব, বৈরুত, ২০০৯)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একইভাবে আন্দালুসের কবি ও রাজপুত্র আবু আব্দুল মালিক আল-তালিককে যখন ১৬ বছরের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়, তখন সেই একাকীত্ব তাঁকে করে তুলেছিল সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর কবিতায় ফুটে উঠত কারাগারের কষ্ট আর মুক্তির হাহাকার।

ইয়েমেনি ইমামদের রচনা

ইয়েমেনের ইমাম মাহদি লি-দিনিল্লাহ (মৃ. ৮৪০ হি.) যখন ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে নিক্ষিপ্ত হন, তখন তিনি বসে থাকেননি। জেলের ভেতরেই তিনি জাইদি ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আল-আজহার রচনা করেন, যা আজও সেই অঞ্চলের আইনি কাঠামোর অন্যতম ভিত্তি। (আল-জিরিকলি, আল-আলাম, ১/২১৪, দারুল ইলম লিল-মালাইন, বৈরুত, ২০০২)

এই সকল মনীষীর কর্মশক্তি থেকে প্রমাণ হয়, শরীরকে বন্দী করা গেলেও মানুষের চিন্তাশক্তি ও বিশ্বাসকে কখনও শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। কারাগারের দেয়াল তাঁদের জন্য কোনো বাধা ছিল না, বরং তা ছিল গভীর ধ্যানের এক নিভৃত আলয়। সমাপনী পর্বে আমরা দেখব সাধারণ বন্দীদের যাপিত জীবন, নারীদের কারাগার এবং মুক্তির সেই সোনালী মুহূর্তগুলোর গল্প।