ময়মনসিংহের গৌরীপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহত রাফি উপজেলার বয়রা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পরিবার জানায়, বুধবার বিকেল ৩টার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর পানিতে চলে যান। পরে দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাফি স্রোতের টানে পানিতে তলিয়ে যান।
উদ্ধার অভিযান
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে পুনরায় অভিযান শুরু করলে বয়রা এলাকা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ডুবুরি দলটি নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



